রাঙামাটিতে আদিবাসী ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে কফি খাওয়ানোর কথা বলে একটি আবাসিক হোটেলে নিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এএসআই) ও হোটেলের ব্যবস্থাপকসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত এএসআই আবদুর রহিমকে ভেদভেদী পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সুপার মাসুদ-উল হাসান জানিয়েছেন।ছাত্রীটির উদ্ধৃতি দিয়ে মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা জানান, কয়েক দিন আগে শহরের ভেদভেদী পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রহিমের সঙ্গে রাঙ্গাপানি হ্যাচারি ঘাট এলাকার ওই ছাত্রীটির পরিচয় হয়। এর পর গত মঙ্গলবার আবদুর রহিম মুঠোফোনে ছাত্রীটিকে কফি পানের জন্য বনরূপা এলাকায় আসতে বলেন। ছাত্রীটি সেখানে গেলে তাঁকে পুরোনো বাসস্ট্যান্ড এলাকার হোটেল হিল প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখানে দোতলার একটি কক্ষে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় আবদুর রহিম ও হোটেলের ব্যবস্থাপক মো. মাসুদ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। খবর পেয়ে ছাত্রীর আত্মীয়স্বজন ওই হোটেলে যান। এ সময় আশপাশের লোকজন হোটেলে জড়ো হয় এবং তারা মাসুদকে কিলঘুষি মারে। হোটেলে লোকজনের ভিড়ের ফাঁকে আবদুর রহিম ও মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে লোকজন ছাত্রীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।ঘটনার খবর পেয়ে মানবাধিকারকর্মী ও মহিলা পরিষদের নেতারা থানায় যান। এ সময় ওই ছাত্রীর ফুফু এএসআই আবদুর রহিম ও হোটেলের ব্যবস্থাপক মো. মাসুদের বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ তা নিতে গড়িমসি করে বলে অভিযোগ। পরে মানবাধিকারকর্মী, নারী নেত্রী ও সংবাদকর্মীদের চাপে থানা একটি লিখিত অভিযোগ নেয়। তবে গতকাল বুধবার বিকেলে ছাত্রীটির বড় বোন বাদী হয়ে একটি মামলা করেছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সর্দার জানান। সেখানে হোটেলের ব্যবস্থাপক মো. মাসুদসহ তিন-চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় ছাত্রীটির শারীরিক পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।