রাঙামাটিতে আদিবাসী শিশু ধর্ষণের শিকার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে গত রোববার এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ অভিযুক্ত মো. মামুনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার ভোরে শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে শারীরিক পরীক্ষা করা হয়েছে।স্বজনেরা জানান, ১৩ বছর বয়সী শিশুটি ওই দিন বেলা তিনটার দিকে নিজ বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বাঘাইহাট সাজেক সড়কের পাশের জঙ্গলে ফুলঝাড়ু সংগ্রহে যায়। সেখানে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী বাঘাইহাটের বাসিন্দা মো. মামুন (১৮) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির মা সেখানে পৌঁছে ঘটনা দেখে চিৎকার করেন। এ সময় লোকজন সেখানে গিয়ে ধরার চেষ্টা করলে মামুন মোটরসাইকেলসহ পালিয়ে যায়। রাত ১০টার দিকে বাঘাইছড়ি থানায় মামলা হওয়ার পর পুলিশ রাতেই মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট নিহার রঞ্জন নন্দী জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া মামুনকে বাঘাইহাট এলাকার বাসিন্দা মো. জলিলের ছেলে।