রাঙামাটিতে আদিবাসী সংস্কৃতিমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদিবাসী সংস্কৃতির শিকড়েই ফুটুক বৈচিত্র্যের ফুল’ এ প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটিতে শুরু হয়েছে ১১তম পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃতিমেলা। গতকাল বৃহস্পতিবার মুরুং বাঁশির সুরের মধ্যদিয়ে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে চাকমা সার্কেল প্রধান ও জাতিসংঘ আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে। আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ (বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু) উপলক্ষে মাঝে দুই বছর বিরতিতে ১৯৯৮ সাল থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাকের সভাপতি মিহির বরণ চাকমার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠী বিলুপ্তির পথে। তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীও রয়েছে। সে কারণে আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য তথা অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাইকে সচেতন হতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক মংসানু চৌধুরী বলেন, আদিবাসী সংস্কৃতির চর্চা করতে গিয়ে যেন অপসংস্কৃতি এসে না যায় এবং বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে আদিবাসী সংস্কৃতি মিশে না যায়, সে ব্যাপারে সংস্কৃতিকর্মীদের সচেতন থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি রাহমান নাসির উদ্দিন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। সমতলের সাঁওতাল আদিবাসী নেতা আলবার্ট সরেন বলেন, আদিবাসীরা নিজেদের সংস্কৃতি ও অস্তিত্ব ধরে রাখতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এর আগে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও খুমি ভাষায় একসঙ্গে রচিত ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড় আর সমতলে এক সাথে আছি ১১টি জাতি/ আমরা আদিবাসী’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলা ও চাকমা ভাষায় রচিত জনপ্রিয় ‘চেঙে, মেয়োনি, কাজলং, কর্ণফুলী, ঝর ঝর বয়ে যায় ঢেউ তুলে’ গানের মধ্য দিয়ে জুম ঈসথেটিকস কাউন্সিলের সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পীরা মনোরম শারীরিক কসরত প্রদর্শন করে। আয়োজকেরা জানান, এবারের মেলায় পার্বত্য চট্টগ্রামের ১১টি ও সমতলের সাঁওতাল জনগোষ্ঠী অংশ নিচ্ছে।