রাঙামাটিতে আদিবাসীদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় গতকাল শুক্রবার রাতে আদিবাসীদের বাড়িঘরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় আদিবাসীদের অভিযোগ, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাসিন্দা কল্যাণ চাকমা (৪০) নামের এক ব্যক্তি বাঘাইহাটের বাইবাছড়া এলাকায় নিজের তামাকখেত থেকে একটি মোটরসাইকেলে করে বিকেল পাঁচটার দিকে দীঘিনালায় ফিরছিলেন। এ সময় বাঘাইহাটের দীঘিনালা সড়কের দশ নম্বর নামক এলাকায় একটি চাঁন্দের গাড়ি নিয়ে একদল বাঙালি তাঁকে তাড়া করে। ওই ঘটনার পর বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে রাতে আদিবাসীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।কল্যাণ চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন চাকমা জানান, বাঙালিরা রাত সাড়ে ১০টার দিকে প্রথমে গঙ্গারাম মুখের বিরোধপূর্ণ এলাকায় নিজেদের বাড়িঘরে আগুন দেয়। এরপর আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে একে একে আগুন লাগাতে থাকে।বাঘাইহাট বাজার কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন বাড়িঘরে আগুন লাগার কথা নিশ্চিত করলেও সেগুলো আদিবাসীদের না বাঙালিদের বাড়ি, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, ‘বাড়িঘরে আগুন লেগেছে শুনেছি। তবে সেগুলো কাদের বাড়ি বলতে পারছি না।’