রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমাচিং মারমা ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে গতকাল রোববার তিন পার্বত্য জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে।পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে কর্মরত জাতীয় ও স্থানীয় নারী সংগঠনগুলোর জোট ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম’ এ অবরোধের ডাক দেয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন এবং বেসরকারি সংস্থা অবরোধের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।অবরোধের সময় রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে সড়কপথে রাঙামাটিতে আসা কিছু যানবাহন পিকেটাররা আটকে দেয়।অবরোধ শেষে রাঙামাটি শৈল বিপণিবিতানের সামনে অনুষ্ঠিত সমাবেশে আগামী এক সপ্তাহের মধ্যে তুমাচিং মারমার ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় বান্দরবানে অবরোধ চলাকালে নারীদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক টুকু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান, প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কণিকা বড়ুয়া, সাবেক অধ্যাপক মংসানু চৌধুরীসহ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের নেতারা।