রাঙামাটিতে ইউপি সদস্যকে অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলায় বিমলেন্দু চাকমা (৪০) নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে জ্যোতির্ময় চাকমার নেতৃত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একদল সশস্ত্র সদস্য বিমলেন্দু চাকমাকে (৪০) অপহরণ করে। বিমলেন্দু সুবলং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। ওই রাতেই তাঁকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী নিশ্চিত হয়েছে। গতকাল শনিবার প্রায় ৩০০ লোক লংগদু উপজেলার সদর ইউনিয়নের হারিহাবা এলাকায় গিয়ে ইউপিডিএফের নেতাদের কাছে ঘটনার প্রতিবাদ এবং বিমলেন্দুর লাশ দেওয়ার দাবি জানান। এই প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন ওই ইউনিয়ন পরিষদের নারী সদস্য বনলতা চাকমা ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মধুমিলন চাকমা। বনলতা চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিমলেন্দুকে হত্যার বিষয়ে নিশ্চিত হয়ে আমরা ইউপিডিএফের নেতা বিশাল চাকমার কাছে প্রতিবাদ জানাতে যাই। ওই সময় তিনি (বিশাল চাকমা) অপহূতকে আর ফেরত দেওয়া যাবে না বলে জানান। তবে অপহরণে নেতৃত্বদানকারী জ্যোতির্ময় চাকমার মাধ্যমে লাশ খুঁজে বের করার আশ্বাস দেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত বিশাল চাকমা ইউপিডিএফ নেতাদের কাছে মুখ খুলেননি বলে আমাদের জানানো হয়েছে।’
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, বিমলেন্দুকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত। তবে তাঁর লাশ কোথায় রাখা হয়েছে তা জানতে না পারায় উদ্ধার করা যাচ্ছে না।
ইউপিডিএফ রাঙামাটি জেলা প্রচার সম্পাদক সোনামনি চাকমা জ্যোতির্ময় তাঁদের দলের সঙ্গে জড়িত নয় দাবি করে বলেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দল বেড়ে যাওয়ায় কে কার নাম ব্যবহার করে নানা অপরাধ করছে, তার হিসাব রাখা কঠিন হয়েছে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশও লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে থানায় এখনো কেউ মামলা করেনি।