রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে অবরোধ, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় ইউপিডিএফের ডাকে গতকাল সোমবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে অবরোধের সময় সদর উপজেলায় পারভেজ আলম (২৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন নেতা-কর্মী নিহত হন। এর প্রতিবাদে সংগঠনটি অবরোধের ডাক দেয়। গতকাল অবরোধ চলাকালে দূরপাল্লার কোনো বাস চলেনি। অভ্যন্তরীণ পথে শুধু অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করেছে। এ ছাড়া রাঙামাটি থেকে বিলাইছড়ি, জুড়াছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচরে কোনো নৌযান চলেনি। এদিকে শনিবারের ঘটনায় উদ্ধার হওয়া ইউপিডিএফের তিন নেতা-কর্মীর লাশ তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সদস্য অনিমেষ চাকমার (৪৫) মরদেহ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের সাধনা টিলা বন বিহারে দান করা হয়েছে। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার গতকাল জানান, সোমবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা পারভেজ আলমসহ কয়েকজন একটি অটোরিকশায় করে রাঙামাটি আসছিলেন। অটোরিকশাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবাগান এলাকায় এলে কে বা কারা ছররা গুলি ছোড়ে। এতে পারভেজের ডান হাতের কনুই ও শরীরে গুলি লাগে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরকল থানার ওসি মোহাম্মদ ইদ্রিস জানান, ইউপিডিএফের তিন নেতা-কর্মীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পলক জীবন চাকমার লাশ গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।প্রতিবাদ সমাবেশ: ইউপিডিএফের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে রাঙামাটি শহরে গতকাল বিকেলে বরকলের সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জুরান ধন চাকমার সভাপতিত্বে ইউপিডিএফ প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে ঘটনার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন ইউপিডিএফের নেতা পরেশ চাকমা ও দিবাকর চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের নেতা প্রীতি বিকাশ চাকমা ও লিটল চাকমা। অনিমেষের মরদেহ বৌদ্ধ বিহারে: রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার রাতে ইউপিডিএফের নেতা অনিমেষ চাকমার লাশ তাঁর জন্মস্থান খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মইগ্যা কার্বারিপাড়ায় নেওয়া হয়। অনিমেষকে শেষবারের মতো দেখতে তাঁর বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। গতকাল দুপুরে বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোকসভা হয়। এরপর সর্বসাধারণ ও ইউপিডিএফের নেতা-কর্মীরা অনিমেষকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। পরে পরিবারের সম্মতিতে অনিমেষের মরদেহ বাবুছড়ায় সাধনা টিলা বন বিহারে দান করা হয়।সরেজমিন: গতকাল বাবুছড়ায় মইগ্যা কার্বারিপাড়ায় অনিমেষের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ মা মালতি চাকমা (৬০), স্ত্রী মিনথী চাকমা (৩০) বারবার মূর্ছা যাচ্ছেন। পাশে অনিমেষের দুই সন্তান প্রাজ্ঞ প্রাচুর্য চাকমা (৮) ও হূদম শ্রেয় চাকমা (৯ মাস) কাঁদছে।কথা হয় অনিমেষের সঙ্গে একত্রে রাজনীতি করা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাবেক সহসাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমার সঙ্গে। তিনি বলেন, অনিমেষ ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর পাস করেন। অনিমেষ জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতিরও দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদনের পর থেকে তিনি ইউপিডিএফের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।