রাঙামাটিতে এক গ্রামের ৬০ জনের হেপাটাইটিস!
রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত মানিক্যপাড়া গ্রামে অন্তত ৬০ ব্যক্তি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাঙামাটি থেকে ৫০ কিলোমিটার দূরের ওই গ্রামে গিয়ে জানা গেছে, হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই স্থানীয় বৈদ্যের (পাহাড়ি চিকিৎসক) কাছে চিকিৎসা নিয়েছেন। কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রাঙামাটি ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইব্রাহিম গতকাল শনিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে ওই গ্রামে গিয়ে তাৎক্ষণিকভাবে ১৬ জনের হেপাটাইটিস ভাইরাস নিশ্চিত করা গেছে। পারমিতা চাকমা (৫৫) বলেন, ‘জন্ডিসে (হেপাটাইটিস-বি) আক্রান্ত হয়ে প্রায় এক বছর আগে আমার স্বামী মুকুল কান্তি চাকমা মারা যায়। এরপর ছেলে পাভেল চাকমার (৩০) অসুখ দেখা দিলে রক্ত পরীক্ষা করালে জন্ডিস ধরা পড়ে। গত ১৭ ডিসেম্বর সেও মারা যায়। পিতা-পুত্র দুজনেই ছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাভেল চাকমার মৃত্যুর পর তার মেয়ের রক্ত পরীক্ষা করালে একই অসুখ ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে নিয়েপুত্র বধূ ঢাকায় গেছে।’ পারমিতা চাকমার বাড়ির পাশের পরিবারের সদস্য কাকপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কেনিসা চাকমা (২৪) বলেন, ‘গত ১৭ ডিসেম্বর পরীক্ষা করে আমার শরীরে ২ দশমিক ৬০ মাত্রার বিলিরুবিন পাওয়া গেছে। মা মিনা চাকমা (৫০) লংগদু ও চট্টগ্রামে পরীক্ষা করালে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ছাড়া বোন ঝুমকি চাকমাও (২২) হেপাটাইটিসে আক্রান্ত।’ একই গ্রামের গীতা চাকমা তাঁর ছেলে তুহিন চাকমাকে (৬) দেখিয়ে বলেন, ‘আমার ছেলের শরীর পরীক্ষা করে ৩ দশমিক ৬০ মাত্রার বিলিরুবিন পাওয়া গেছে। গ্রামের আরও অনেকের শরীরে ৩ থেকে ৬ মাত্রার বিলিরুবিন থাকার কথা জানা গেছে।’ অপরদিকে গ্রামের প্রধান তরণীসেন কার্বারিও হেপাটাইটিস ও যকৃতের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য রাঙামাটিতে রয়েছেন বলে জানান তাঁর ছেলে। লংগদু সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জ্ঞান লাল চাকমা বলেন, শুধু মানিক্যপাড়া নয়, আশপাশের আরও অনেক গ্রামে হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এলাকায় বিশুদ্ধ পানির অভাবের কারণে এ রোগ দেখা দিয়েছে বলে তিনি মনে করেন। রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা বলেন, হেপাটাইটিস ভাইরাসে লোকজনের আক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিগগিরই উচ্চপর্যায়ের আরও একটি চিকিৎসা দল পাঠানো হবে।