রাঙামাটিতে এমএলএম কোম্পানি ইউনিপেটুইউর বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে গতকাল মঙ্গলবার তথাকথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা এ কর্মসূচি চলে।মানববন্ধনে মুনাফার আশায় ইউনিপেটুইউতে বিনিয়োগ করা সাত শতাধিক ব্যক্তি অংশ নেন। পরে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ওই এমএলএম কোম্পানিতে টাকা জমা দেওয়ার পর প্রতারণার শিকার ও ভুক্তভোগীদের দুর্দশার বিষয় উল্লেখ রয়েছে।বিনিয়োগকারীদের অভিযোগ, ইউনিপেটুইউর রাঙামাটি জেলার সমন্বয়কারী উদ্দীপন চাকমা তাঁদের ১০ মাসে বিনিয়োগের দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে সাড়া দিয়ে তাঁরা বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগ করেন।খাগড়াছড়ি থেকে মানববন্ধনে যোগ দিতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী চন্দ্রকান্ত চাকমা (৪৮) ওই কোম্পানিতে সাত লাখ টাকা বিনিয়োগ করেছেন বলে জানান। তিনি বলেন, তাঁর মাধ্যমে আরও অনেকে ওই কোম্পানিতে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার এফ ব্লকের বাসিন্দা ফজল করিম (৫২) বলেন, তিনি দুই কিস্তিতে ৬১ হাজার টাকা বিনিয়োগ করেন। এরপর দুই কিস্তিতে প্রথমে আট হাজার ৪০০ ও পরে ১৬ হাজার ৮০০ টাকা পাওয়ার পর ইউনিপেটুইউ বন্ধ হয়ে যায়। এখন তিনি বাকি টাকা ফেরত চান।সদর উপজেলার বন্দুভাঙ্গা ইউনিয়নের কৃষক দম্পতি প্রভাত চন্দ্র চাকমা (৫০) ও শিখা চাকমা (৪৫) জানান, এক বছর আগে ১০ মাসে দ্বিগুণ টাকা পাওয়ার প্রলোভনে সাড়া দিয়ে ইউনিপেটুইউতে ৮৪ হাজার টাকা জমা দিয়েছিলেন। কিন্তু কিস্তির টাকা পাওয়ার আগেই কোম্পানি বন্ধ হয়ে যায়।রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দেওয়ানপাড়ার বাসিন্দা পূর্ণময় দেওয়ান বলেন, ‘আমি নিজে দুই লাখ টাকা বিনিয়োগ করেছি। এ ছাড়া আমার মাধ্যমে আরও অনেকে টাকা বিনিয়োগ করেছেন।’ তিনি হতাশা প্রকাশ করে বলেন, এখন এ টাকা নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছে। হজম করতে হচ্ছে অন্য বিনিয়োগকারীদের কটূক্তি। উদ্দীপন চাকমা এসব ব্যক্তির টাকা জমা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই টাকা আমি আত্মসা ৎ করিনি। কোম্পানির কাছে জমা দেওয়া হয়েছে। এখন সরকার বন্ধ করে দেওয়া ব্যাংকের হিসাব খুলে দিলে সব সমস্যার সমাধান হবে।’