রাঙামাটিতে এসএমই পণ্যমেলা শুরু
রাঙামাটিতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এসএমই পণ্যমেলা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শহরের রাজবাড়ী এলাকার কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে আয়োজিত মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিপণ্য, তাঁতবস্ত্র, বাঁশ-বেত, হস্তশিল্প, কারুশিল্প, বুটিকসহ নানা পণ্যের ৫০টি স্টল রয়েছে।
বেলা ১১টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সহায়তায় সব সময় তৎপর। দেশকে এগিয়ে নিতে শিল্প উদ্যোক্তাসহ সবার একসঙ্গে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাকে ম্লান করে দিচ্ছে। অবৈধ অস্ত্রের বিস্তারের কারণে পার্বত্য চট্টগ্রাম সব দিকে পিছিয়ে পড়ছে।
রাঙামাটি চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, রাঙামাটির বিসিক শিল্পনগরকে ৩০ বছরেও গড়ে তুলতে না পারায় স্থানীয় শিল্প উদ্যোক্তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে পার্বত্য চট্টগ্রামের অপার সম্ভাবনাকে কাজে লাগানো উচিত।
পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনশিল্পকে সমৃদ্ধ করতে পারে। হস্ত ও বস্ত্রশিল্প আর্থসামাজিক উন্নয়নে প্রধান হাতিয়ার হতে পারে যদি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণদানের ব্যবস্থা করা যায়।
এসএমই ফাউন্ডেশেনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা সাংসদ ফিরোজা বেগম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। শুভেচ্ছা বক্তব্য দেন নারী শিল্প উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা।