রাঙামাটিতে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় যক্ষ্মা রোগী কম হলেও ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর-টিবি রোগী বেড়েছে। গতকাল সোমবার রাঙামাটিতে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সচেতনতামূলক সভায় এ তথ্য তুলে ধরা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন স্নেহকান্তি চাকমা। সভায় জেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণে অগ্রগতি ও করণীয় তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা বক্ষব্যাধি হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশোভন দেওয়ান।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যৌথভাবে এ সচেতনতামূলক সভার আয়োজন করে।
বিনোদ শেখর চাকমা জানান, রাঙামাটিতে যক্ষ্মা রোগী আছে ৩৪৩ জন এবং চলমান এমডিআর-টিবি রোগী আছে চারজন। গত পাঁচ (২০১০ সাল থেকে) বছরের মধ্যে ২০১০ ও ২০১৩ সালে একজন করে এমডিআর-টিবি রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনজনের শরীরে এমডিআর যক্ষ্মা শনাক্ত হয়েছে। এ ছাড়া জেলায় ২০১০ সালে ৭০ জন, ২০১১ সালে ৬৭ জন, ২০১২ সালে ৭৮ জন, ২০১৩ সালে ৬৯ জন এবং ২০১৪ সালে ৭১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আরোগ্যের হার ৯৫ থেকে ৯৭ ভাগ। এ ছাড়া শিশু যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ২০১১ সালে ১৫ জন, ২০১২ সালে ১৬ জন, ২০১৩ সালে ১২ ও ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছয়জন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, পুলিশ সুপার আমেনা বেগম, বিএমএর রাঙামাটি জেলা সভাপতি উদয় শংকর দেওয়ান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম শাহনেওয়াজ ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ।