রাঙামাটিতে কঠিন চীবর দান উৎসব শুরু
চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায় চরকায় সুতা কাটার সঙ্গে সঙ্গে আরও অর্ধশতাধিক চরকা সচল হয়। এ সময় তুলা থেকে সুতা বের হওয়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ জগতের সব প্রাণীর সুখ-শান্তি কামনা করে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় এভাবেই শুরু হয় রাঙামাটি রাজবন বিহারের ৩৮তম কঠিন চীবর দান উৎসব। আজ শুক্রবার বেলা তিনটায় বৌদ্ধধর্মের সাধক ‘বনভান্তে’ নামে খ্যাত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের হাতে হাজার হাজার মানুষের শ্রমে তৈরি ‘চীবর’ বা বৌদ্ধ ভিক্ষুদের পরনের কাপড় তুলে না দেওয়া পর্যন্ত একনাগাড়ে চলবে এ উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম। বৌদ্ধ শাস্ত্রমতে, আড়াই হাজার বছরের বেশি সময় আগে গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তী নামক স্থানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কাপড় বুনে বৌদ্ধ ভিক্ষুদের দান করার এ উৎসবের প্রচলন হয়।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ আর সামাজিক ঐতিহ্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কঠিন চীবর দান উৎসব নিছক একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এ উৎসব একতা ও পরিশ্রমের মাধ্যমে একটি কঠিন কাজে সফলতা অর্জনের প্রেরণা দেয়।পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী-পুরুষ, শিশু-যুবক, বৃদ্ধ পুণ্যার্থী মানুষের পদচারণে সকাল থেকে রাঙামাটি রাজবন বিহার এলাকা মুখরিত হয়ে ওঠে। বৌদ্ধধর্মাবলম্বী ছাড়াও পাহাড়ি বাঙালির উপস্থিতিতে রাজবন বিহার এলাকা পরিণত হয় অসাম্প্রদায়িক চেতনা আর সৌহার্দ্যের মিলন মেলায়। কঠিন চীবর দান উৎসব ঘিরে শহরের রাজবাড়ি, স্টেডিয়াম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কলেজ গেট এলাকায় নানা ধরনের খেলনা, আতশবাজি, কারুপণ্য, ফুল, প্রসাধনী ও বিভিন্ন খাবারের অস্থায়ী দোকান গড়ে উঠেছে। বসানো হয়েছে দোলনা। নাগরদোলাসহ নানা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।নিরাপত্তাব্যবস্থা: পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, ঐতিহ্যবাহী এ উৎসবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের তিনটি মূল কেন্দ্র বেইনঘর, বনবিহার ও বনবিহার মাঠে সার্বক্ষণিক পুলিশ পাহারা রাখা হয়েছে। এ ছাড়া রাজবন বিহার এলাকায় তিনটি প্রবেশপথ; রাজবাড়ি সড়ক, কে কে রায় সড়ক ও টিটিসি সড়কে পুলিশের টহল ও সাদা পোশাকে পুলিশের নজরদারি চলছে। এ ছাড়া সেনাবাহিনীকে রাতে বিহারের পাশের কাপ্তাই হ্রদে টহলের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে।