রাঙামাটিতে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব প্রাণীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় রাঙামাটি রাজবন বিহারে ৩৭তম কঠিন চীবর দান উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। উৎসবে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশ ও বিশ্বব্যাপী মারামারি, হানাহানি ও দ্বন্দ্বের অবসান কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বৌদ্ধধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন।গত বৃহস্পতিবার বিকেল তিনটায় চাকমা রাজা দেবাশীষ রায়ের মা আরতি রায় রাজবন বিহারের বেইনঘরে চরকায় সুতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর কয়েক হাজার মানুষের শ্রমে তুলা থেকে সুতা তৈরি ও রং করার পর বেইন (আদিবাসীদের কোমর-তাঁত) বুনে কাপড় তৈরি ও বিশেষ কায়দায় সেলাই করে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের পরা গেরুয়া রঙের কাপড়কে ‘চীবর’ বলা হয়।উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা জানান, আড়াই হাজার বছর আগের বৌদ্ধযুগের নিয়ম অনুযায়ী পৃথিবীর আর কোথাও চীবর দান উৎসব হয় না। একমাত্র রাঙামাটি রাজবন বিহারেই ৩৭ বছর ধরে এ উৎসব হয়ে আসছে।চীবর দান উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের হাজার হাজার মানুষ রাঙামাটিতে সমবেত হয়। চাকমা রাজা দেবাশীষ রায় সবার পক্ষ থেকে বনভান্তের হাতে ‘চীবর’ তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, মং সার্কেলের রাজা সাচিং প্রু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পুলিশ সুপার মাসুদ-উল হাসান, সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। স্বাগত বক্তব্য দেন উপাসক-উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান।