রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা
রাঙামাটিতে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং–বিষয়ক সভা ও সুধীসমাবেশে বক্তারা বলেন, সামাজিকভাবে অপরাধপ্রবণতা কমাতে না পারলে পুলিশ বা আইন দিয়ে অপরাধমূলক কার্যক্রম রোধ করা সম্ভব নয়। ১৭ জুন সকাল ১০টায় শহরের কুমার সমিত রায় জিমনেসিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় জেলা পুলিশ ও রাঙামাটি কমিউনিটি পুলিশিং ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
সভায় বক্তারা আরও বলেন, এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং–ব্যবস্থার উদ্ভব ঘটেছে। পুলিশ–জনতার সম্মিলিত প্রচেষ্টায় শান্তি–সম্প্রীতি রক্ষা সম্ভব।
পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে এসে আমরা চাই না দেশের ৮০ শতাংশ মানুষ পুলিশকে ভয় পাক এবং অবিশ্বাস করুক।’
বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, সমাজে অপরাধ দমনে কমিউনিটি পুলিশের তৎপরতা প্রয়োজন। এলাকার সন্ত্রাসী, অপরাধীদের চিহ্নিত করতে পারবেন কমিউনিটি পুলিশের সদস্যরা।
জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন বলেন, মানুষের মধ্যে ভয়ভীতি থাকলে সামগ্রিক উন্নয়ন ব্যাহত হয়।
সভায় আরও বক্তব্য দেন ইউএনডিপি-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) উপপরিচালক প্রসেনজিৎ চাকমা, জেলা আইনগত সহায়তা কমিটির আইনজীবী সুস্মিতা চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, রাঙামাটি কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহাবুবুর রহমান।
রাঙামাটি জেলার ১২টি থানা থেকে দুই হাজারের বেশি কমিউনিটি পুলিশ ও জনপ্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন।