রাঙামাটিতে কর্মশালা
মানুষের অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় পর্যটনশিল্পের সব সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। পর্যটনশিল্পের উন্নয়নে পাহাড়ি-বাঙালি, প্রশাসন, স্থানীয় জনগণ—সবার দৃষ্টি এক হতে হবে। নিতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
গতকাল সোমবার রাঙামাটির আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত ‘রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটনশিল্পের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা এসব প্রস্তাব তুলে ধরেন।
স্থানীয় বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) ও শাইনিং হিল যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার মূল প্রবন্ধে গবেষক তনয় দেওয়ান বলেন, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যটনকে পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরসহ স্থানীয় পর্যটন বোর্ড গঠন করা প্রয়োজন।
শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক মো আবুল কাশেম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, সিআইপিডির প্রধান নির্বাহী জনলাল চাকমা প্রমুখ।