রাঙামাটিতে কাঠ শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে কাপ্তাই হ্রদ থেকে মো. নিজাম উদ্দিন (২৩) নামের এক কাঠশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পানিতে পড়ে তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে নিজাম উদ্দিনের লাশ কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠলে তাঁর মৃত্যুর খবর জানাজানি হয়ে যায়। নিহত নিজাম উদ্দিন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকার মো. আতাফ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।স্থানীয় লোকজন ও কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. নিজাম উদ্দিনসহ কয়েকজন শ্রমিক গত মঙ্গলবার রাতে ট্রলারে (ইঞ্জিনচালিত দেশীয় নৌকা) করে মানিকছড়ি মসজিদ ঘাটে চোরাই কাঠ নিয়ে আসেন। গত বুধবার ভোর চারটার দিকে বন বিভাগের লোকজনের তাড়া খেয়ে নিজাম উদ্দিন পানিতে পড়ে যান।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অজয় রায় বলেন, ‘আমার গাড়িতে করে নিয়মিত টহলে মানিকছড়ি গেছি, তা ঠিক। তবে আমরা সেখানে পৌঁছি নিজাম উদ্দিন পানিতে পড়ে যাওয়ার অনেক পরে। আমরা কাঠবোঝাই কোনো ট্রলারও পাইনি।’কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন জানান, নিজাম উদ্দিনের মৃত্যুর ব্যাপারে তাঁর ভগ্নিপতি রনো মিয়া বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।