রাঙামাটিতে কাল সড়ক ও নৌপথ অবরোধের ডাক

রাঙামাটির লংগদু উপজেলা সদরে চারটি পাহাড়ি গ্রামে লুটপাট, ভাঙচুর ও বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার রাঙামাটি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অবরোধ কর্মসূচির ডাক দেয়। আজ রোববার বিকেলে সদর উপজেলা কুতুকছড়ি ইউনিয়নের কুতুরছড়ি বাজার এলাকায় এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
আজকের সমাবেশে বক্তারা আগামীকাল সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, অবিলম্বে পাহাড়ি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া ইন্ধনদাতা, সহযোগিতাকারীসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়াসহ ভয়ে পালিয়ে যাওয়া পরিবারগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় সংগঠনটি আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়।
কুতুকছড়ি বাজারের সামনে অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কংচাই মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ধর্ম সিং চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন কমিটির সভাপতি শান্তিপ্রভা চাকমা প্রমুখ।
এদিকে লংগদুতে পাহাড়ি গ্রামে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার তিন দিন পরও ফিরতে পারেননি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। উপজেলা সদর থেকে কমপক্ষে ১৫ কিলোমিটার দূরে লাউয়াছড়া, মধ্যমপাড়া, রাঙাপানিছড়া ও হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় মানবেতর জীবন যাপন করছেন।
ভূইয়াছড়া এলাকার বাসিন্দা সুখময় চাকমা (৫৫) বলেন, ভূইয়াছড়া এলাকা অর্ধশতাধিকের বেশি পরিবার আশ্রয় নিয়েছে। যারা আশ্রয় নিয়েছে, তারা অধিকাংশ শিশু ও বৃদ্ধ। এর মধ্যে চারজন তিন থেকে সাত দিনের নবজাতক রয়েছে। মা ও নবজাতক সবাই অসুস্থ হয়ে পড়েছে।