রাঙামাটিতে কাল সড়ক-নৌপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন লঞ্চ শ্রমিককে উদ্ধারের দাবিতে রাঙামাটি জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ কাল রোববার জেলায় অবরোধের ডাক দিয়েছে। গতকাল শুক্রবার সড়ক ও নৌপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক হাজি মনসুর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবরোধের ডাক দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই শ্রমিককে রিজার্ভ বাজারের ডকইয়ার্ড এলাকা থেকে অপহরণ করার পর প্রশাসনকে সঞ্চারকলিপি দেওয়া হলেও প্রশাসন কোনো দায়দায়িত্ব নিচ্ছে না। শনিবারের (আজ) মধ্যে অপহূতদের মুক্ত করা না হলে অথবা মুক্তি দেওয়া না হলে রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে। রাঙামাটি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাইনুদ্দিন সেলিম বলেন, ‘শ্রমিকদের অপহরণের পর মুঠোফোনে আমাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। অথচ প্রশাসন অপহরণের বিষয়টি বিশ্বাস করতে চাইছে না।’ রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আমরা তাদের মামলা নিয়েছি। মুঠোফোনের কললিস্ট চেক করছি। তারপরও তারা অবরোধ ডেকেছে।’