রাঙামাটিতে কৃষি প্রযুক্তি মেলা শুরু
তিন দিনব্যাপী জেলা কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে রাঙামাটিতে। গতকাল বুধবার সকালে কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা কার্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
মেলায় বেসরকারি সংস্থা গ্রিন হিল ‘কৃষিতে পাহাড়ি ঝিরির পানি ব্যবহার’, উপজেলা কৃষি বিভাগ ‘পরিকল্পিত জুম চাষ ও ফলদ বাগান সৃষ্টি’, বালুখালী হর্টিকালচার সেন্টার ‘পাহাড়ে বৃষ্টির পানি সংরক্ষণ’ এবং কাউখালী উপজেলার গাড়িছড়া ব্লকের কৃষক মাহবুল আলমের ৩২ কেজি ওজনের মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রযুক্তি ও উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শিত হচ্ছে।
মেলা প্রাঙ্গণে রাঙামাটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। কৃষি তথ্য ভালোভাবে বুঝে মাঠপর্যায়ে তা কাজে লাগাতে কৃষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম ও ত্রিদিব দস্তিদার, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন ও রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগেরঅতিরিক্ত উপপরিচালক তপন কুমার ভট্টাচার্য।
কৃষি সম্প্রসারণ বিভাগের ‘পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’ এবং জেলা কৃষি তথ্য সার্ভিসের ‘কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামীণ জীবনমান উন্নয়ন প্রকল্প’ এ মেলার আয়োজন করে।