রাঙামাটিতে কোটি টাকার দরপত্র নিয়ে আ.লীগে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় এক কোটি ১৫ লাখ টাকার কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে গতকাল বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে এক পক্ষকে লাঠিসোঁটা দিয়ে মেরে তাড়িয়ে দেয় অন্য পক্ষ।ওই পক্ষ পরে পুলিশের পাহারায় দরপত্র জমা দিতে চাইলেও কর্তৃপক্ষ সময় শেষ হওয়ার কথা বলে নেয়নি। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আবার দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহের লাইন স্থাপনের জন্য গত ২৩ আগস্ট প্রায় এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১৪ গ্রুপের দরপত্র আহ্বান করে পিডিবির পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প। ওই কাজের দরপত্র জমাদানের শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা পর্যন্ত। এ জন্য সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী রাঙামাটি শহরের বনরূপা চম্পকনগরে ওই প্রকল্পের কার্যালয় এবং হ্যাপির মোড় ও বন বিভাগ কার্যালয়ের সামনে পাহারা বসায়। বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতা রফিকুলের নেতৃত্বে একদল নেতা-কর্মী দরপত্র জমা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। রফিকুলের অনুসারী মনিরুল আলম, নজরুল ইসলাম, বিটন সরকারসহ বেশ কয়েকজনকে লাঠিসোঁটা দিয়ে মেরে তাড়িয়ে দেয় প্রতিপক্ষের নেতা-কর্মীরা।এ সময় ছাত্রলীগের সাবেক কর্মী বাবলা দে প্রকল্প কার্যালয়ের ফটকে পাহারারত ছাত্রলীগের কর্মীদের ছবি তুলতে গেলে তাঁকে ধাওয়া দেওয়া হয়। এক পুলিশ কর্মকর্তা বাবলাকে রক্ষা করেন। বাবলা নিজেকে সংবাদকর্মী বলে দাবি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে আওয়ামী লীগের কর্মীরা চলে যান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের নেতা রফিকুল কয়েকজন কর্মীকে নিয়ে পুলিশের পাহারায় কয়েকটি দরপত্রসহ পিডিবি প্রকল্প কার্যালয়ে যান। এ সময় পিডিবি রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী দীপক খীসা ও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী উগা প্রুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দরপত্র নিতে অস্বীকৃতি জানান। পরে রফিকুল ও তাঁর কর্মীরা সেখান থেকে চলে যান।রফিকুল দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বেলা ১১টার দিকে দরপত্র জমা দিতে গেলে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশীষ চাকমা নব, জেলা যুবলীগের নেতা মিন্টু মারমাসহ কয়েকজন নেতা-কর্মী তাদের বাধা দেন এবং বেশ কয়েকজনকে মারধর করেন। ওই সময় ১৪ গ্রুপ দরপত্রের মধ্যে সাতটি দরপত্রের প্যাকেট তাঁরা ছিনিয়ে নেন।রফিকুল অভিযোগ করেন, মেসার্স নিউ রোজ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভাড়া করে ওই ঘটনা ঘটিয়েছে। পুরো পিডিবি কার্যালয় নিউ রোজ এন্টারপ্রাইজের কাছে জিম্মি হওয়ায় দরপত্র জমা নেওয়া হয়নি।অভিযোগ অস্বীকার করে নিউ রোজ এন্টারপ্রাইজের মালিক রোজ চাকমা বলেন, ‘আমি কাউকে দরপত্র জমায় বাধা দিতে বলিনি। আমিসহ অনেকেই তো দরপত্র জমা দিতে পেরেছি।’রফিকুলের দরপত্র জমা না নেওয়ার ব্যাপারে নির্বাহী প্রকৌশলী উগা প্রু প্রথম আলোকে বলেন, ‘সময় শেষ হয়ে যাওয়ায় দরপত্র জমা নেওয়া হয়নি। কার্যালয়ের বাইরে কে, কোথায় বাধা দিল—সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। এ ব্যাপারে কেউ আমাদের জানাননি। বাধা দিলে পুলিশকে জানিয়ে ব্যবস্থা নেওয়া যায়।’ তিনি বলেন, ১৪ গ্রুপের কাজের জন্য ৮৩টি শিডিউল বিক্রি হয়। এর মধ্যে ৫২টি জমা পড়েছে।দরপত্র জমাদানের সময় হাতাহাতির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পিডিবির প্রকল্প কার্যালয়ে গিয়ে দরপত্র জমাদানে সাহায্য করেছে। পুলিশ যাওয়ার পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।রফিকুলের অভিযোগের ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান চৌধুরীর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।