রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেয়ারা বেগম ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন রাঙামাটি সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে। তাঁদের সহায়-সম্বল সব গেছে পাহাড়ধসে। সেখানে এখন আশ্রয়হীন মানুষের হাহাকার। আশ্রয়কেন্দ্রে মিলছে না চাহিদামতো খাবারও। পেয়ারা বেগমের মতো বিভিন্ন আশ্রয়কেন্দ্রের দুই শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট।
গতকাল শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম, রাঙামাটি ও পটিয়া বন্ধুসভা। দুর্গত পরিবারগুলোকে খাবার, কাপড়চোপড় ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র, গোধূলি আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও বেতার কেন্দ্রে চট্টগ্রাম বন্ধুসভা এবং টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে পটিয়া বন্ধুসভা ত্রাণ বিতরণ করে।
রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক জাকিয়া কবির, শারমিন আহমেদ, স্বপ্নিল চৌধুরী, ইকবাল জিসান, ইব্রাহিম তানভিরসহ ১০ বন্ধু। ত্রাণ বিতরণে আরও সহযোগিতা করেন রাঙামাটি বন্ধুসভার এনভিল চাকমা, পদ্মিনী চাকমা, চিন্নি চাকমা, অনন্যা চাকমা, যুক্তা চাকমাসহ ১০ জন বন্ধু।
শুকনা খাবারসহ বিভিন্ন সামগ্রী পেয়ে তাঁদের দুঃখ কিছুটা অন্তত লাঘব হয়েছে, এমন অভিমত দুর্গত ব্যক্তিদের। সরকারি কলেজ কেন্দ্রে আশ্রয় নেওয়া রূপনগর এলাকার রহিমা বেগম বলেন, এই দুর্দিনে এই খাবারটুকু অনেক কাজে লাগবে। ছেলেমেয়েদের মুখে তুলে দিতে পারব।
একই কেন্দ্রের বাবুল বড়ুয়া বলেন, ঘরবাড়ি সব ভেঙে গেছে। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার পাচ্ছি না। তাই এই সামগ্রী কিছুটা দুর্ভোগ লাঘব করবে।
সরকারি কলেজে কেন্দ্রে ৭২টি পরিবার, আমানতবাগ স্কুলে ১২টি পরিবার ও বেতার কেন্দ্রে ২৫টি পরিবারকে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্ধুসভা ত্রাণসামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে তিন কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি গুড়, এক প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট ওরস্যালাইন, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি চামচ, হাঁড়ি-পাতিল, একটি থালা ও একটি গ্লাস দেওয়া হয়।
পটিয়া বন্ধুসভার ত্রাণ বিতরণের সময় প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, হামিম রায়হান, নাজির উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, মো. নাজমুলসহ ১০ বন্ধু উপস্থিত ছিলেন। পটিয়া বন্ধুসভা থালা, গ্লাস, গেঞ্জি, মোমবাতি, চামচ, গুড়, ওরস্যালাইন, গামছা, দেশলাই ইত্যাদি ত্রাণ হিসেবে তুলে দেন দুর্গত ব্যক্তিদের হাতে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টায় রাঙামাটি টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে ৫০ পরিবারের মধ্যে শুকনা খাবারসহ বিভিন্ন সামগ্রী তুলে দেয় চট্টগ্রাম বন্ধুসভা।
আজ শনিবারও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রাঙামাটির বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।