রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্য উৎ​সবে প্রথম দিনে গতকাল মঞ্চস্থ হয় চাকমা নাটক ধনপুদি l ছবি: প্রথম আলো
নাট্য উৎ​সবে প্রথম দিনে গতকাল মঞ্চস্থ হয় চাকমা নাটক ধনপুদি l ছবি: প্রথম আলো

রাঙামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাট্যোৎসব। চার দিনব্যাপী এ উৎসবে সাঁওতাল, মণিপুরি সম্প্রদায় এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় রচিত নাটক মঞ্চায়ন হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে নাট্যোৎসব উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম। তিনি বলেন, ‘সংস্কৃতি মানুষের কথা বলে, নাটক
সমাজের কথা বলে। আমরা চাই বৈচিত্র্যপূর্ণ পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের ভাষায় নাটক, গান রচনা করবেন। নিজস্ব সংস্কৃতিকে দেশ এবং বিদেশের কাছে তুলে ধরবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে ফেলছে। এই ঐতিহ্যকে ধরে রাখার ক্ষেত্রে এ উৎসব ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদের সদস্য সান্ত্বনা চাকমা বলেন, এই নাট্যোৎসবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা উঠে আসবে।
রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা বলেন, ইনস্টিটিউটের আর্থিক ও জনবল সমস্যার কারণে সাংস্কৃতিক কার্যক্রম চালাতে সমস্যা হয়। সরকারের বরাদ্দে বিশেষ কর্মসূচির আওতায় এই নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। আগামী দিনে এভাবে আর্থিক বরাদ্দ পাওয়া গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশে আরও কর্মসূচি গ্রহণ করা যাবে।
আয়োজকেরা জানান, একই মিলনায়তনে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। গতকাল মঞ্চস্থ হয় চাকমা নাটক ধনপুদি ও মারমা নাটক স্বাইতিক স্বাং। প্রতিদিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় এসব নাটক মঞ্চায়ন শুরু হওয়ার কথা রয়েছে।