রাঙামাটিতে খাদ্যপণ্য সরবরাহে সহযোগিতার আশ্বাস প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসের কারণে রাঙামাটিতে সড়ক যোগাযোগব্যবস্থা চালু হয়নি। ফলে সেখানে খাদ্য ও জ্বালানি সরবরাহে ব্যাঘাত হচ্ছে। নৌপথে সীমিত আকারে নেওয়া হচ্ছে খাদ্যপণ্য। এ পরিস্থিতিতে যেসব ব্যবসায়ী রাঙামাটিতে খাদ্যপণ্য সরবরাহ করেন, তাঁদের জন্য নৌপথে নিরাপত্তাসহ পণ্য পরিবহনে সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিশনার।

গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। ১৮ জুন পাহাড়ধসের কারণে সরবরাহ ও বাজারব্যবস্থা সচল করা এবং দুর্যোগ প্রশমনে করণীয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও সারোয়ার জাহান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, দুর্যোগ কাটিয়ে উঠলেও এখনো রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে কিছু জায়গায় জ্বালানি তেল ও খাদ্যের সংকট তৈরি হয়েছে।