রাঙামাটিতে গণসংগীত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার থেকে রাঙামাটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম গণসংগীত উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গণসংগীত সমন্বয় পরিষদ শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ উৎসবের আয়োজন করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, বাজার অর্থনীতি আর বিশ্বায়নের কারণে গণসংগীত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। একইভাবে আদিবাসীদের কৃষ্টি-সংস্কৃতিও এখন হুমকির সম্মুখীন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন জনগোষ্ঠীর ভাষায় অনেক গণসংগীত রচিত হয়েছে।
উৎসবের উদ্বোধক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, গণসংগীত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তবে তার মূল কথা মানুষের অধিকার মুক্তি। অসাম্প্রদায়িক চেতনার গান গণসংগীত। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ছেষট্টির গণ-অভ্যুত্থানে গণসংগীত মানুষকে উদ্দীপিত করেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য ফকির সিরাজ বলেন, গণসংগীত সাহসের গান, উদ্দীপনার গান, চেতনার গান। মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করা, যুদ্ধাপরাধীদের সাজা, শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণসংগীত মানুষকে অনুপ্রাণিত করছে।
উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কালায়ন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনের গান, সংগ্রামের গানকে বিকশিত করতে এ উৎসব উৎসাহ জোগাবে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম গণসংগীত উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক সুনীল কান্তি দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।