রাঙামাটিতে গুলি বিনিময়ের ঘটনায় অস্ত্রসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির শহরতলী উলুছড়াতে গত সোমবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের পর তল্লাশি চালিয়ে পাঁচটি অস্ত্র ও প্রচুর গুলি উদ্ধার করা হয়েছে। গুলিবিনিময়ের সময় নিহত ব্যক্তির নাম শুক্রমণি চাকমা বলে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী। তবে তার বাড়ি কোথায় তা জানা যায়নি।এ ছাড়া আটক সাতজন হলেন, সুশীল জীবন চাকমা, দীপ্ত মারমা, অনিক চাকমা, দালা চাকমা, জুন চাকমা, গোপাল ত্রিপুরা ও সুভাষ চাকমা। তাঁদের মধ্যে সুশীল জীবন চাকমাকে গতকাল মঙ্গলবার সকালে অস্ত্রসহ এবং গত সোমবার সন্ধ্যায় দীপ্ত মারমা ও অনিক চাকমাকে অস্ত্রসহ এবং বাকিদের নিরস্ত্র অবস্থায় আটক করা হয়েছে।ঘটনাস্থল থেকে একটি করে সাব মেশিন কার্বাইন, বিদেশি রাইফেল, মার্ক থ্রি নট থ্রি রাইফেল এবং দুটি এক নলা বন্দুক, ৩৯ রাউন্ড সাব মেশিন কার্বাইনের তাজা গুলি, ৩২ রাউন্ড বিদেশি রাইফেলের গুলি ও তিনটি ম্যাগাজিন, থ্রি নট থ্রি রাইফেলের ৯৯ রাউন্ড তাজা গুলি, একনলা বন্দুকের ১৬ রাউন্ড তাজা গুলি, একটি তাজা কার্তুজ ও দুটি পৌচ (গুলি রাখার কাপড়ের ব্যাগ), বেশ কিছু সবুজ রঙের ইউনিফর্ম ও চাঁদার রসিদ উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় সেনাবাহিনীর রাঙামাটি জোন কার্যালয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা গোলাবারুদ সেখানে রাখা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্ত্রসহ আটক তিন ব্যক্তি নিজেদের পার্বত্য চুক্তি পক্ষীয় দলের সদস্য বলে স্বীকার করেন। বাকিরা নিজেদের স্থানীয় বলে দাবি করেন। এর মধ্যে সুভাষ চাকমা নিজেকে ভেদভেদী উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে দাবি করে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গত সোমবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে রাঙামাটি ক্যান্টনমেন্ট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে উলুছড়াতে গোলাগুলির শব্দ শুনে সেনাবাহিনী ও আনসার সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপরই সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি লাশ উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়।