রাঙামাটিতে গুলিতে নারী নিহত, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে গতকাল সোমবার দুর্বৃত্তদের গুলিতে চিগোনবি চাকমা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন হরিধর চাকমা (৫০) নামের আরও একজন। তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএফ) সদস্যদের দায়ী করা হয়েছে। তবে সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ অস্বীকার করেছেন।
নিহত চিগোনবি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পার্শ্ববর্তী ঘাগড়া দেওয়ানপাড়ার শাক্যমনি চাকমার স্ত্রী। তাঁর সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই ছেলেমেয়ে রয়েছে। আহত হরিধর একই ইউনিয়নের হারাঙ্গী গ্রামের মৃত জয়সেন চাকমার ছেলে।
১০-১২ জন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকাল সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে পাহাড়ের ওপর থেকে ১৯ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি চিগোনবির ডান কানের নিচে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় হরিধরের মাথায়ও গুলি লাগে।
রাঙামাটি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। বেলা পৌনে একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘাগড়া বাজার থেকে হারাঙ্গীর দিকে যাওয়া কাঁচা রাস্তার পাশে বটগাছের নিচে চারটি ছোট দোকান। দোকানঘর ও বটগাছে গুলি লাগার চিহ্ন। দোকানের সামনে ১৫-২০ জন লোক। তাঁরা পুলিশের অপেক্ষায় রয়েছেন। একটি দোকানের ভেতর রয়েছে চিগোনবির লাশ। ওই দোকানের সামনে কিছুক্ষণ পর পর কেঁদে উঠছিলেন তাঁর মা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, কী দোষ ছিল তাঁর মেয়ের। কেন তাঁকে গুলি করা হলো। এখন তাঁর ছেলেমেয়েদের কে দেখবে?
চিগোনবির বাবা কালাচান চাকমা জানান, তাঁর মেয়ে একটি বিয়েতে যোগ দিতে সকালে স্বামীর বাড়ি থেকে গ্রামে আসে। এরপরই এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিদের ধারণা, দুর্বৃত্তরা প্রতিপক্ষের লোকজনের জন্য সারা রাত পাহাড়ের ওপর ওত পেতে ছিল। কিন্তু প্রতিপক্ষের কাউকে
না পেয়ে এলাকায় আতঙ্ক ছড়াতে দোকানের সামনে এসে গুলি চালায়।
স্থানীয়রা বলেছেন, গুলি ছোড়ার আগে দুর্বৃত্তরা চিৎকার করে সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলে। তখন সেখানে প্রায় ৫০ জন লোক ছিল। কিন্তু চিগোনবি ও হরিধর কিছু বুঝে ওঠার আগেই তাঁরা গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা একটি চাঁদের গাড়ির (হুড খোলা জিপ) চালককে তাঁদের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ঘাগড়া বাজারের দিকে নিয়ে যেতে বাধ্য করে।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সাইফুদ্দিন আহমেদ বলেছেন, চিগোনবির পরিবার খুবই গরিব। তাই লাশ সৎকারের টাকা জেলা প্রশাসন থেকে বহন করা হবে। এ ছাড়া আর্থিক সাহায্যও দেওয়া হবে।