কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকা থেকে গত সোমবার রাতে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে অপহরণের পর মুক্তি দেওয়া হয়েছে৷ মুক্তিপণ দিয়ে গতকাল মঙ্গলবার রাতে তাঁরা মুক্তি পান৷
এদিকে সোমবার রাতে রাঙামাটির লংগদু উপজেলায় নিজে গ্রাম থেকে একজন গ্রামপ্রধানসহ দুই ভাই অপহৃত হয়েছেন৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত তঁাদের কোনো খোঁজ মেলেনি৷
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আহমদ প্রথম আলোকে জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে ঈদগাঁও স্টেশন থেকে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী কৃষি ব্যাংক কর্মকর্তা (ক্যাশিয়ার) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রামের জিতেন্দ্র কিশোর দেব (৩২), নাইক্ষ্যংছড়ির ঘোনারপাড়ার ব্যবসায়ী মাহবুব সেলিম (২৮) ও হলুদিয়া গ্রামের নুরুল আলম (৩৫) একটি মিনিবাসে বাইশারী বাজারে যািচ্ছলেন৷ রাত নয়টার দিকে বাসটি ঈদগড়-বাইশারী সড়কের রামু উপজেলার ব্যাংডেবা এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত বাস থামিয়ে ওই তিনজনকে অপহরণ করে৷ গতকাল রাত আটটার দিকে একই এলাকায় তাঁদের ছেড়ে দেয় অপহরণকারীরা৷
মুক্তি পাওয়ার পর ওই তিন ব্যক্তি বাইশারী বাজারে এসে সাংবাদিকদের বলেন, বিকাশের মাধ্যমে দুজন এক লাখ করে এবং অন্য একজন ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান৷
তবে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার বলেন, রাত সাড়ে আটটার দিকে ওই তিনজনকে উদ্ধার করে পুলিশ৷ তাঁদের রামু থানায় আনা হচ্ছে৷
রামু থানার ওসি সাইকুল আহমেদ ভুঁইয়া বলেন, গতকাল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যাংডেবাসহ আশপাশের পাহাড়ে তল্লাশি চালান৷ একপর্যায়ে ওই তিনজনকে অপহরণকারীরা ছেড়ে দেয়৷
এদিকে, একদল সশস্ত্র দুর্বৃত্ত সোমবার রাত সাড়ে ১০টার দিকে লংগদু উপজেলার বড় উল্টাছড়ি গ্রামে যায়৷ সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে ওই গ্রামের প্রধান প্রিয়ময় চাকমা (৩৫) ও তাঁর বড় ভাই সুসময় চাকমাকে (৪২) অপহরণ করে নিয়ে যায়৷ দুর্বৃত্তরা পরিবারের লোকজনকে বাঘাইছড়ির দিকে যোগাযোগ করার জন্য বলে যায়। কিন্তু গতকাল সারা দিন চেষ্টা করেও দুই ভাইয়ের কোনো খোঁজ পাননি স্বজনেরা৷
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘অপহৃত দুই ভাই আমাদের সমর্থক। গ্রামপ্রধান প্রিয়ময় চাকমা গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের (জনসংহতি সমিতি) সমর্থিত প্রার্থীর স্থানীয় এজেন্ট ছিলেন। তখন থেকেই তাঁরা হুমকির মুখে ছিলেন। আমরা যতটুকু জেনেছি সংস্কারপন্থী জনসংহতি সমিতির (এমএন লারমা) সশস্ত্র সদস্যরা তাঁদের অপহরণ করেছেন।’
তবে এ অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘আমাদের কোনো সশস্ত্র সদস্য নেই।’
লংগদু থানার ওসি মো. আবুল কালাম চৌধুরী বলেন, এ ঘটনায় কেউ মামলা বা অভিযোগ করেননি।
(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও রাঙামাটি এবং বান্দরবান প্রতিনিধি)