রাঙামাটিতে গ্রেনেড হামলায় আরও তিনজনের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত আরও তিনজনের নাম জানতে পেরেছে পুলিশ। তাঁরা হলেন সমরেশ চাকমা, রাকেল চাকমা ও বিটু চাকমা। তবে তাঁদের আটক কিংবা তাঁদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলার ঘটনায় আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে নৈশপ্রহরী সাধন চাকমা রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা করেছেন।

গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার আঞ্চলিক পরিষদ কার্যালয়ের উত্তর ফটকে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। পরে সোমবার বিকেলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুশীল চাকমা নামের এক তরুণকে আটক করে পুলিশ। সুশীল নিজেও গ্রেনেড হামলার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেন। সুশীল চাকমাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের জানান, তাঁরা আরও তিনজনকে শনাক্ত করতে পেরেছেন। যাঁরা সুশীলকে ৫০ হাজার টাকার বিনিময়ে গ্রেনেড হামলায় নিয়োজিত করেন।

রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, আসামি সুশীল চাকমা নিজের দোষ স্বীকার করায় জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি জানান, আঞ্চলিক পরিষদ কার্যালয়ে এসে গ্রেনেড হামলার সময় সমরেশ চাকমা, রাকেল চাকমা ও বিটু চাকমা একটু দূরে দাঁড়িয়েছিলেন বলে সুশীল চাকমা জানান।

এদিকে, জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা গতকাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আঞ্চলিক পরিষদ কার্যালয়ে গ্রেনেড হামলায় প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত বলে দাবি করেছেন। তবে ইউপিডিএফ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।