রাঙামাটিতে চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের বিজন সরণির একটি আসবাবপত্রের দোকান থেকে গতকাল শনিবার সকালে চায়নিজ রাইফেলের তিনটি তাজা গুলি ও ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী বলেন, ‘সেনাবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে আমাদের খবর দেয়। পরে সকাল সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে বিজন সরণির চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশের একটি আসবাবপত্রের দোকান তল্লশি করা হয়। এ সময় দোকানের একটি আলমারির নিচে মাটিতে পড়ে থাকা অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়। আসবাবপত্রের দোকানের সামনে দিয়ে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা প্রতিদিন কার্যালয়ে আসা-যাওয়া করেন। দোকানের মাত্র ১০০ থেকে ১৫০ ফুট দূরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার বসবাস করেন। এ ছাড়া দোকানের পশ্চিম দিকে মাত্র ৫০ ফুট দূরে রয়েছে আঞ্চলিক পরিষদের সদস্য নিলু কুমার তঞ্চঙ্গ্যার বাসভবন। ওই এলাকার আশপাশে জনসংহতি সমিতি (সন্তু) ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা যাতায়াত করেন।