গত রোববার খাগড়াছড়ির পানছড়িতে টিলা দখলের ঘটনায় তিন আদিবাসীকে আহত করার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা ভূমি বেদখলকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।গতকাল সোমবার জেলা প্রশাসনের দক্ষিণ গেটের সামনে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিতেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য দেন জনসংহতি সমিতির যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক পলাশ তঞ্চ্যঙ্গা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক টোয়েন চাকমা, যুব সমিতির সদস্য শোভন চাকমা প্রমুখ। এর আগে বিকেল চারটায় রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শেষ হয়। গত রোববার পানছড়ি উপজেলার উল্টোছড়ি ইউনিয়নের একটি টিলা দখলকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁরা হলেন: কান্তিভূষণ চাকমা, লক্ষ্মী সীতা চাকমা, ত্রিরত্নময় চাকমা, মো. মাসুদ রানা ও আসমা বেগম।