রাঙামাটিতে ছাত্রলীগ ছাত্র পরিষদ সংঘর্ষে আহত ২
রাঙামাটি সরকারি কলেজের মাঠে জুয়া খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পহেল চাকমা (২৮) ও মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিহির চাকমা (১৯)। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ করেন, ছাত্র পরিষদের কর্মীরা বিনা উসকানিতে তাঁদের কর্মীদের ওপর হামলা করেছেন।পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি কলেজ শাখার সহসভাপতি রনো চাকমা অভিযোগ করেন, গতকাল সোমবার ছাত্রলীগের কয়েকজন কর্মী কলেজমাঠের বটগাছের নিচে জুয়া খেলার সময় তাঁদের কর্মীরা বাধা দেন এবং অধ্যক্ষকে বিষয়টি জানান। কিন্তু ছাত্রলীগের কর্মীরা তার পরও জুয়া খেলতে থাকেন। এ সময় ছাত্র পরিষদের কর্মীরা মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্র বাবুল ত্রিপুরাকে ধরে অধ্যক্ষের কাছে নিয়ে যান। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।ছাত্র পরিষদের নেতা পহেল চাকমা বলেন, উত্তেজনার খবর পেয়ে তিনি দুপুর ১২টার দিকে মীমাংসার জন্য কলেজে যান। এ সময় কলেজমাঠে ছাত্রলীগের কর্মীরা তাঁকে লাঠিসোঁঠা নিয়ে মারধর করেন। এ অবস্থায় ছাত্রলীগের কর্মীরা ছাত্র পরিষদের কর্মীদের ধাওয়া করে কলেজ ক্যাম্পাসের বাইরে নিয়ে যান।দুপুর পৌনে একটার দিকে ছাত্র পরিষদের কর্মীরা সংঘবদ্ধ হয়ে টিটিসি সড়কের দিক থেকে কলেজে আসার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা বাধা দেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। এতে মিহির চাকমা আহত হন। পরে সেনাবাহিনীও সেখানে গেলে ছাত্র পরিষদের কর্মীরা চলে যান।কলেজের অধ্যক্ষ সিরাজুল করিম জানান, তাস খেলাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা হয়েছিল। পরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে।