রাঙামাটিতে ছয় কোটি টাকার কাজ ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রায় ছয় কোটি টাকার উন্নয়নকাজ বেশ কিছু ঠিকাদার ভাগাভাগি করে নিয়েছেন। ফলে জেলা পরিষদকে প্রায় এক কোটি টাকা লোকসান দিতে হবে বলে জানা গেছে। প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ছিল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৩২ শ্রেণীর উন্নয়নকাজের দরপত্র দাখিলের শেষ দিন। পরিষদের তালিকাভুক্ত ঠিকাদার রয়েছেন এক হাজার দুই শতাধিক। কিন্তু ঠিকাদারদের কারসাজির কারণে প্রতি গ্রুপে তিন থেকে পাঁচটি দরপত্র বিক্রি হয়েছে। এসব দরপত্রের দাম ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা। জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশিত প্রকৌশল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার উন্নয়ন সহায়তা, প্রকল্প কোড নম্বর-৭০২০ ও ৫০১০-এর আওতায় ২০১১-১২ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়ন হবে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার জানান, শিডিউল কেনার শেষ সময় ছিল গত সোমবার বিকেল পাঁচটায়। শিডিউলগুলো অ-উপজাতি (বাঙালি) ও উপজাতি (আদিবাসী) কোটায় বিভক্ত। সোমবার দুপুরে ঠিকাদারেরা লটারি করে কাজ ভাগাভাগি করে নেন। উভয় সমিতির প্রায় ৮০০ জন ঠািকাদার লটারিতে অংশ নেন। ঠিকাদারদের মধ্যে আদিবাসীরা উপজাতীয় ঠিকাদার সমিতিকে ৪০০ টাকা এবং বাঙালিরা অ-উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতিকে ২০০ টাকা করে চাঁদা দিয়ে লটারিতে অংশ নেন। এরপর লটারিতে বিজয়ীরা ইচ্ছামতো শিডিউল কিনে দাখিল করেন। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজের প্রাক্কলিত দরের পাঁচ শতাংশের ঊর্ধ্বে এবং পাঁচ শতাংশের নিম্নে দর দেওয়া যাবে না।সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন, প্রতিযোগিতামূলক দরপত্র দাখিলের ব্যবস্থা করা হলে সব ঠিকাদারই পাঁচ শতাংশ নিম্ন দরে দরপত্র দাখিল করতেন। এখন দরপত্র দাখিল করা হয়েছে পাঁচ শতাংশ ঊর্ধ্ব দরে। ফলে প্রতিটি কাজে জেলা পরিষদকে পাঁচ থেকে ১০ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হবে। রাঙামাটি উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি মানস মুকুর চাকমা কাজ ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঠিকাদারদের ঐক্য বজায় রাখা, হয়রানি থেকে বাঁচা ও সমিতির তহবিল বাড়ানোর জন্য এ ব্যবস্থা নেওয়া হয়। লটারির মাধ্যমে কাজ ভাগাভাগি আইনসিদ্ধ নয় বলে স্বীকার করে অ-উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘ঠিকাদারদের অপচয় রোধ করতে এ পদক্ষেপ নিই।’ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার চাকমা বলেন, ‘বাইরে ঠিকাদারেরা কী করল না-করল, সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে দরপত্রের শর্ত ভেঙে অতিরিক্ত ঊর্ধ্ব বা নিম্ন দর প্রস্তাব করা হলে সেগুলো বাতিল হয়ে যাবে। এতে পরিষদের কোনো ক্ষতি হবে না।’ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান হাবিব জানান, ঠিকাদারদের মধ্যে সমঝোতার বিষয়টি তাঁর জানা নেই। সমঝোতা করে পরিষদের ক্ষতি করা হলে ব্যবস্থা নেওয়া যায়। পরিষদের দরপত্র কমিটির সভাপতি অসুস্থ এবং চেয়ারম্যান রাঙামাটির বাইরে আছেন উল্লেখ করে ইরফান হাবিব বলেন, তাঁদের সঙ্গে আলাপ করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।