রাঙামাটিতে জনসংহতি সমিতির সদস্য গুলিবিদ্ধ
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় জ্ঞানজ্যোতি চাকমা (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আহত জ্ঞানজ্যোতি চাকমা জুরাছড়ি উপজেলার বনযোগী ছড়া ইউনিয়নের নাগর চান চাকমার ছেলে।
তিনি গতকাল গ্রাম থেকে রাঙামাটি শহরে এসে রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন। সন্ধ্যায় ওই হোটেল থেকে কাজে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে সৈকত বোর্ডিংয়ের সামনে পৌঁছালে এক ব্যক্তি কাছ থেকে গুলি করে।
এরপর সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় লোকজন অটোরিকশায় করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহত অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা জানান, জ্ঞান বিকাশ চাকমার পিঠে একটি গুলির ছিদ্র রয়েছে। সেটা ছররা গুলি, নাকি তা অন্য গুলি তা জানা যায়নি। তবে গুলি তাঁর শরীরে রয়ে গেছে বলে তাঁরা জানান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার একান্ত সহকারী বরুণ চাকমা
আহত জ্ঞান বিকাশ চাকমার উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে জানান, পেছন থেকে গুলি লাগার পরপরই তিনি পেছনে ফিরে একজন বাঙালি গুলি করেছেন বলে নিশ্চিত হয়েছেন।
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘হত্যাচেষ্টাকারী বাঙালি হলেও চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ভাড়াটে খুনি। জ্ঞান বিকাশ চাকমার এমন কোনো বাঙালি শক্র নেই যে তাকে হত্যাচেষ্টা করতে পারে।’
তবে ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক উদ্দেশে আমাদের সংগঠনকে জড়িত করা দুঃখজনক।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী বাঙালি না পাহাড়ি তা আমরা জানতে পারিনি। তবে তার একটা শারীরিক বর্ণনা পেয়েছি। সেই সূত্র ধরে ওই এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে আটকের চেষ্টা চলছে।’