রাঙামাটিতে জনসংহতি সমিতির সদস্য গুলিবিদ্ধ
রাঙামাটি শহরে শান্তি মুকুল চাকমা (৩২) নামের জনসংহতি সমিতির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদ। জানা গেছে, গত শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর শান্তি মুকুল চাকমা চক্রপাড়ার বাড়ি থেকে বের হন। এ সময় তিন ব্যক্তি তাঁর সামনে এসে দাঁড়ায়। দৌড়ে পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি তাঁর ডান হাতে এসে লাগে। ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়।জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বোধিস্বত্ব চাকমা এ ঘটনার জন্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ইউপিডিএফের সদস্যরা দীর্ঘদিন ধরে চক্রপাড়া এলাকার জনসংহতি সদস্যদের হুমকি দিয়ে আসছেন। তবে ইউপিডিএফের জেলা যুগ্ম সমন্বয়ক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নাল জানান।