রাঙামাটিতে জনসংহতির অবরোধ কর্মসূচি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটি জেলায় আজ রোববার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি।

জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন ও ভোট কারচুপির প্রতিবাদে রোববার (আজ) রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে রাঙামাটি পৌরসভার নির্বাচনকে ‘প্রহসন’ দাবি করে বলা হয়, নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে।

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী গঙ্গা মানিক চাকমাকে সমর্থন দিয়েছিল জনসংহতি সমিতি। নির্বাচনে ১৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী গঙ্গা মানিক চাকমা পেয়েছেন ১০ হাজার ১৯৮ ভোট। বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৩৫৫ ভোট।

জনসংহতি সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, রাঙামাটি পৌরসভা নির্বাচনে কমপক্ষে ১১টি কেন্দ্রে হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়ে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির আশ্রয় নেন ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা।

পার্বত্যচুক্তির ১৮তম বর্ষপূর্তিতে জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু লারমা) চুক্তি বাস্তবায়নে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। সেই ঘোষণার অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান।