রাঙামাটিতে জমে উঠছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানানোর জন্য পোস্টার বাছাই করছেন এক প্রার্থীর সমর্থকেরা   প্রথম আলো
টানানোর জন্য পোস্টার বাছাই করছেন এক প্রার্থীর সমর্থকেরা প্রথম আলো

রাঙামাটিতে জমে উঠছে সংসদ নির্বাচনের প্রচারণা। প্রধান বিরোধী দল নির্বাচনে না এলেও আঞ্চলিক রাজনৈতিক দলগুলো অংশ নেওয়ায় টের পাওয়া যাচ্ছে নির্বাচনী উত্তাপ। অবরোধের মধ্যেও প্রতিদিন শহরজুড়ে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। দুর্গম এলাকায় চলছে পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগ।
তবে প্রতিদ্বন্দ্বী দলগুলো নিজেদের আধিপত্যে থাকা এলাকায় প্রতিপক্ষ দলগুলোকে প্রচারণা বা গণসংযোগে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পার্বত্য রাঙামাটি আসনে (২৯৯) এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ ছাড়া আঞ্চলিক দলগুলোর প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত ঊষাতন তালুকদার, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত সচিব চাকমা, জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত সুধাসিন্ধু খীসা ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবছার উদ্দিন।
প্রতীক বরাদ্দের পর থেকে রাঙামাটি শহরে অটোরিকশায় করে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে প্রচারণা শুরু হয়। এরপর গত মঙ্গলবার থেকে জনসংহতি সমিতি-সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার ও সম-অধিকার-সমর্থিত প্রার্থী মো. আবছার উদ্দিনের পক্ষে প্রচারণা শুরু হয়। তবে শহর এলাকায় অন্য প্রার্থীদের প্রচারণা এখনো চোখে পড়েনি।
জেলার ১০ উপজেলা মিলে পার্বত্য রাঙামাটি আসন। এসব উপজেলার দুর্গম অঞ্চলগুলোতেও চলছে প্রচারণা। বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, আদিবাসীদের নেতৃত্বাধীন তিনটি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছে। তবে দলগুলো নিজেদের এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর প্রচারণা ও গণসংযোগে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে কারণে আদিবাসীদের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী দলগুলো বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে। অপরদিকে সম-অধিকার-সমর্থিত প্রার্থীর প্রচারণা সীমিত রয়েছে বাঙালি অধ্যুষিত অঞ্চলে।
বাঘাইছড়ি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার সেখানে প্রচারণায় গেলেও শুধু উপজেলা সদর ছাড়া অন্য এলাকাগুলোতে যেতে পারেননি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বাধার কারণে। স্থানীয় কোনো আওয়ামী লীগ নেতা বা সমর্থক তাঁর সঙ্গে প্রচারণায় যেতে ঝুঁকি নিতে চান না। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা স্বীকার করেছেন।
অপরদিকে, আদিবাসী অধ্যুষিত জুরাছড়ি উপজেলায় ও বরকল উপজেলার কিছু অংশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গণসংযোগ করতে পারছেন না বলে জানা গেছে। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো প্রার্থী অভিযোগ করেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজিম উদ্দিন।

আরেক প্রার্থীর পক্ষে শহরে চলছে মাইকিং  প্রথম আলো
আরেক প্রার্থীর পক্ষে শহরে চলছে মাইকিং প্রথম আলো

এ ব্যাপারে জানতে চাইলে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা প্রচারণায় বাধা দেওয়াকে গুজব বলে উল্লেখ করেন। তিনি জানান, প্রচারণা ও গণসংযোগের কাজ ভালোভাবে চলছে।
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘আমাদের প্রচার সরঞ্জাম এখনো না আসায় গ্রামে জনসংযোগ আর শহরে মাইকযোগে প্রচারণা চলছে।’
অবশ্য সম-অধিকার-সমর্থিত প্রার্থী মো. আবছার উদ্দিন বলেন, ‘আমাকে বিএনপি বা আঞ্চলিক রাজনৈতিক দলগুলো কেউ গণসংযোগে বাধা দেয়নি।’