রাঙামাটিতে জামিন নিতে গিয়ে ছাত্রলীগের তোপের মুখে দুই জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে একটি মামলায় জামিন নিতে এসে গতকাল বৃহস্পতিবার রাঙামাটির আদালত চত্বরে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের তোপের মুখে পড়েন জামায়াতে ইসলামীর দুই নেতা। তারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবু সালেহ মো. ইয়াহিয়া ও পল্টন থানা শাখার আমির শফিকুল ইসলাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান ওই মামলায় জামিন নিতে রাঙামাটি জজ আদালতে আসার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা না এলেও আবু সালেহ মো. ইয়াহিয়া ও শফিকুল ইসলাম দলের কয়েকজন কর্মীসহ একটি মাইক্রোবাসে করে রাঙামাটি জজ আদালতে আসেন। পরে সকাল সাড়ে ১১টা থেকে ছাত্রলীগের কর্মীরা আদালত চত্বরের বাইরে দফায় দফায় মিছিল করেন। রাঙামাটির জামায়াত নেতা হারুনুর রশীদ মুঠোফোনে জানান, রাঙামাটির অতিরিক্ত দায়রা ও জেলা জজ আবু হেনা রেজাউল কামালের আদালত থেকে জামিন নেওয়ার পর দুপুর একটার দিকে মাইক্রোবাসে আদালত চত্বর ত্যাগ করার সময় ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এতে মাইক্রোবাসের সামনের কাচ ভেঙে যায়। পরে পুলিশের পাহারায় দলের নেতারা রাঙামাটি শহর ত্যাগ করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি শহর শাখা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরাকায়স্থ ও শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শ্যামল দেব জানান, যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা জানাতেই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওই মামলাটি করেন কাপ্তাই কলাবাগান জামে মসজিদের খতিব মাওলানা শাহাজালাল ফারুকী। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, রফিকুল ইসলাম, আবু সালেহ মো. ইয়াহিয়া ও শফিকুল ইসলামের উপস্থিত হওয়ার কথা ছিল।জানা যায়, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং রফিকুল ইসলাম খান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকায় রাঙামাটি জজ আদালতে আসেননি। অবশ্য আদালত তাঁদের আগামী ২ জুনের আগে জামিন নামায় সই করার নির্দেশ দেন।