রাঙামাটিতে জেএমবির পাঁচ সদস্যের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগে দেশব্যাপী সিরিজ বোমা হামলার সময় রাঙামাটিতে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় খালাস পেয়েছেন একজন। গতকাল সোমবার রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উবায়দুর রহমান, মো. আরিফুল ইসলাম, মো. আয়ুব আলী, আবদুল হাফিজ ও জাবেদ ইকবাল। খালাস পেয়েছেন মো. রুহুল আমিন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়। ১১টার দিকে রায় প্রদান শেষ হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে জেএমবি। ওই দিন রাঙামাটি প্রেসক্লাব, রিজার্ভ বাজারের চৌমুহনী ও বনরূপা এলাকায় বোমা হামলা হয়।
রাঙামাটি আদালতের পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলাম বলেন, তদন্তে ও সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামির বিরুদ্ধে এই রায় দিয়েছেন।