রাঙামাটিতে টেলিটকের পাঁচ কর্মকর্তা অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন থেকে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের পাঁচ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। গত সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানার পর পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী গতকাল সকাল থেকে ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে।
অপহূত ব্যক্তিরা হলেন ঢাকা থেকে আসা সহকারী প্রকৌশলী আক্তার হোসেন (২৬), টেকনিশিয়ান হেমায়েত হোসেন (২৬) ও ইমরুল হোসেন (২৭) এবং খাগড়াছড়ি থেকে আসা সুপারভাইজার সুজাউদ্দিন (৩২)। অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাঘাইছড়ি থানার পুলিশ একজনকে আটক করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা করেছে।
টেলিটকের খাগড়াছড়ির ব্যবস্থাপক আতাউর রহমান গতকাল জানান, অপহূত ব্যক্তিরা সরাসরি টেলিটকের সঙ্গে যুক্ত নন। তাঁরা কারিগরি সহায়তায় নিযুক্ত কোম্পানি বি টেকনোলজির কর্মকর্তা। বি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ ঢাকা থেকে মুঠোফোনে জানান, অপহরণের বিষয়টি তাঁরা গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে অপহূত ব্যক্তিদের উদ্ধারে তাঁরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে বারিবিন্দুঘাট এলাকার টেলিটকের টাওয়ারের কয়েকটি কেব্ল কে বা কারা কেটে দেয়। অপহূত ব্যক্তিরা সোমবার ওই টাওয়ারে কাজ করতে যান। ওই দিন বেলা দুইটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে আলাপের কথা বলে তাঁদের অন্যত্র নিয়ে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত তাঁরা আর ফিরে না আসায় টেলিটকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক টেলিটকের একটি সূত্র জানায়, অপহূত ব্যক্তিদের সঙ্গে সোমবার বেলা তিনটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা একটি জায়গায় আছেন বলে জানান। এরপর তাঁদের মুঠোফোন বন্ধ হয়ে যায়। পরে রাতে মুঠোফোনের একটি নম্বর থেকে অপহূত ব্যক্তিদের মুক্তির বিনিময়ে ৪০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এরপর অপহূত বা অপহরণকারী কারও সঙ্গে যোগাযোগ হয়নি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. আবদুর রাজ্জাক বলেন, অপহরণের ঘটনাটি জানাজানি হওয়ার পর অপহূত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী দুর্বৃত্তদের আস্তানা বলে পরিচিত সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে। ওসি বলেন, কোন দল এ কাজটি করেছে, তা জানা যায়নি।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত মন্টু চাকমা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, অপহরণ ঘটনার পর থেকে অপহূত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কোন দল এ অপহরণের জঙ্গে জড়িত, তা নিশ্চিত নয়।
এদিকে স্থানীয় লোকদের ধারণা, পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।