রাঙামাটিতে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকশ্রমিকদের জমি দখলের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে ট্রাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
ট্রাকশ্রমিকদের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আবু সৈয়দসহ একদল লোক রাঙামাটি বাস টার্মিনালের পাশে ট্রাকশ্রমিকদের নিজস্ব জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে তাঁরা শ্রমিকদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। পরে দুপুর ১২টার দিকে ট্রাক টার্মিনালে এসে শ্রমিকেরা তাঁদের নেতাদের বিষয়টি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় শ্রমিকেরা ট্রাক টার্মিনালের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
রাঙামাটি ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইউনুস বলেন, আবু সৈয়দ শ্রমিক ইউনিয়নের জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে শ্রমিকেরা বাধা দিতে যান। এ সময় কিছু লোক তাঁদের ধাওয়া করে ও বাধা দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয়।
আবু সৈয়দ বলেন, ‘আমি কয়েকজন শ্রমিক নিয়ে আমার পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে শ্রমিকেরা অবৈধভাবে বাধা দেয়। এ সময় সামান্য বাগিবতণ্ডা হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে জন্য দুই পক্ষের সঙ্গে বসেছি। উভয় পক্ষই কাগজপত্র দেখিয়ে জমিটি তাদের বলে দাবি করছে। চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় দুই পক্ষকে ডেকেছেন। তিনিই বলতে পারবেন জমিটি কার।’