রাঙামাটিতে তথ্য অধিকার দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হলে তথ্য অধিকার আইনের সুফল পাওয়া যাবে। দুর্নীতি রুখতেও তথ্য অধিকার আইন কাজে লাগবে। গতকাল বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটির উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. শফিকুর রহমান ভূঁইয়া, রাঙামাটি সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল ও জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি সনাকের সহসভাপতি অমলেন্দু হাওলাদার।
এর আগে গতকাল সকাল সাড়ে নয়টায় তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।