রাঙামাটিতে দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত!
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় দলীয় লোকজনের হাতে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সেলিম উদ্দিন গতকাল সোমবার জানান, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার মনোনয়নপত্র জমা এবং দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নিতে রোববার রাঙামাটিতে আসেন তিনি। রাত ১১টার দিকে বাঘাইছড়ি বিএনপির সভাপতি হাজি মুন্সি মিয়াকে দেখতে রিজার্ভ বাজারের গ্রিনচিলি হোটেলে যান। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াসের নেতৃত্বে একদল লোক তাঁকে ও তাঁর সঙ্গের লোকজনকে মারধর শুরু করে। এ সময় তাঁদের জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের দালাল বলে গালাগাল করে হামলাকারীরা। বিএনপি রাঙামাটি পৌর কমিটির সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলামের পক্ষে কাজ না করার জন্যও তাঁকে (সেলিম) বলা হয়। এ সময় হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ভাঙচুর এবং ৪৮ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। সাইফুল ইসলাম বলেন, সেলিম উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনা তিনি শুনেছেন। এ ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান বলেন, কিছু কর্মী দলের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। সেলিম উদ্দিন এই ষড়যন্ত্রের শিকার।এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও জেলা যুবদলের সভাপতি মো. ইলিয়াসকে পাওয়া যায়ানি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম উদ্দিনকে উদ্ধার করে।