রাঙামাটিতে দুই ভাইকে গুলি করে হত্যা
আদিবাসীদের ভ্রাতৃঘাতী সংঘাতের বলি হলেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার ভোরে স্বজনদের চোখের সামনে প্রতিপক্ষের গুলিতে নিহত হলেন ত্রিদিব চাকমা (৩৮) ও তাঁর ছোট ভাই সুশান্তি চাকমা (৩২)। তাঁরা দুজনেই জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী৷ এ নিয়ে এ বছর আদিবাসীদের মধ্যে সশস্ত্র সংঘাতে মোট ১০ জন নিহত হলেন।
রাঙামাটির বাঘাইছড়ি সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে রূপকারী ইউনিয়নের মধ্যছড়া কামিনী কার্বারিপাড়ায় সহোদর খুনের ঘটনা ঘটেছে। এ জোড়া হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে এমএন লারমা গ্রুপ।
সরেজমিনে দেখা গেছে, ১০-১২ পরিবার নিয়ে ছোট্ট কামিনী কার্বারিপাড়া। গ্রামপ্রধান কামিনী কার্বারির দুই ছেলে ত্রিদিব চাকমা ও সুশান্তি চাকমার বাড়ি পাশাপাশি। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে উঠানে বের হওয়ার পরপরই তিনজন অস্ত্রধারী খুব কাছ থেকে ত্রিদিব চাকমাকে গুলি করে। পাশের বাড়ি থেকে বড় ভাইকে গুলি করতে দেখে সুশান্তি চাকমা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওত পেতে থাকা আরও কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে৷ পায়ে গুলিবিদ্ধ হয়ে সুশান্তি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে গিয়ে আরও গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ সবকিছু ঘটে তাঁদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের সামনে। ত্রিদিব চাকমার তিন সন্তান ও সুশান্তি চাকমার চার সন্তান৷ দুই ভায়ের আয়ের ওপরই নির্ভরশীল ছিলেন তাঁদের স্ত্রী-সন্তানেরা ও বৃদ্ধ বাবা-মা ।
পুলিশের লংগদু সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুক ও বাঘাইছড়ি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ওসি মো. আজিজুর রহমান বলেন, পরিবার দুটি খুবই অসহায়। তারা কোনো মামলা করবেন না বলে জানিয়েছে। তাই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবে।
জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা দুই সহোদর হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র দুর্বৃত্তদের দায়ী করেছেন। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডে তাঁদের কোনো কর্মী জড়িত নন৷