রাঙামাটিতে দুই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন স্থগিতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানিয়েছেন পাহাড় ও সমতলের বিশিষ্টজনেরা৷ তাঁরা বলেছেন, ভূমি বিরোধ নিষ্পত্তিসহ পার্বত্য চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না করে প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হলে তা পাহাড়িদের উপকারে আসবে না, বরং তারা ‘নানামুখী ক্ষতির শিকার’ হবে৷
ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে গত শনিবার এক আলোচনা সভায় বক্তারা ওই অভিমত দেন৷ প্রতিষ্ঠান দুটি স্থাপন করার সিদ্ধান্ত স্থগিতের দাবিতে এর আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য শাখা৷
মূল বক্তব্যে নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য তিনটি জেলার একটিতেও পর্যাপ্তসংখ্যক শিক্ষকসহ কোনো সুবিধা নেই৷ ৯০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া মানসম্মত নয়৷
বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপনের মতো বিষয় জেলার ডিসি বা সিভিল সার্জনের হাতে না দিয়ে এর জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করার প্রস্তাব দেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ৷
প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাঙামাটির সাংসদ ঊষাতন তালুকদার, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাংবাদিক আবু সাঈদ খান, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ৷