রাঙামাটিতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫
রাঙামাটি শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে নানিয়ারচর উপজেলায় গতকাল শুক্রবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চিরন বিকাশ চাকমা (২৯) এবং অপর এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালে ২০ জন এবং নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজনকে ভর্তি করা হয়েছে।বাসের যাত্রী কান্তি মারমা (২৭) ও মো. নুরুন্নবী (৩৪) জানান, রাঙামাটি থেকে নানিয়ারচরে উদ্দেশে যাওয়া বাস সকাল সাড়ে আটটার দিকে বুড়িঘাট ইউনিয়নের কুগুরমারা এলাকায় পাহাড়ে ওঠার সময় নানিয়ারচর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রাঙামাটি থেকে যাওয়া বাসটি উল্টে যায়।খবর পেয়ে আহত ব্যক্তিদের প্রথমে চান্দের গাড়িতে (হুডখোলা জিপে) করে নানিয়ারচর সদরে নেওয়া হয়। পরে নৌযানে করে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়।