রাঙামাটিতে দেশীয় শিল্পপণ্য মেলা শুরু
রাঙামাটিতে ২৫ দিনব্যাপী তাঁতবস্ত্র, পাটপণ্য ও হস্তশিল্প মেলা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। রাঙামাটি জেলা উদ্যোক্তা পরিষদ ও ঢাকার ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি এ মেলার আয়োজক।
শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, দেশীয় পণ্য ব্যবহারে মানুষকে সচেতন হতে হবে। সরকার দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোক্তাদেরও সহযোগিতা দিচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান।
রাঙামাটি উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা জানান, জাতীয় এবং পার্বত্য চট্টগ্রামের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, সমন্বয় সাধন ও দেশীয় পণ্যের প্রসার ঘটাতে এ মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত বস্ত্র ও হস্তশিল্প পণ্যের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পরিচিত করতে এ মেলা সহায়তা করবে।
মেলায় পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্যের ৫৮টি স্টল স্থান পেয়েছে।