রাঙামাটিতে দেয়াল ও পাহাড় ধসে নিহত ৩
রাঙামাটি শহরের কলেজগেট এলাকায় একটি বাড়ির দেয়াল ও পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক মো. শামসুল আলম (৪৫) এবং মাটি কাটার শ্রমিক মো. হানিফ (৩২) ও মো. কালু মালাকার (৩৫)। দুর্ঘটনায় মো. ফারুক হোসেন (৩৫) নামের এক শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসবাবপত্রের ব্যবসায়ী শামসুল আলম পাহাড়ধস থেকে তাঁর একতলা ভবন রক্ষা করতে দেয়াল নির্মাণের উদ্যোগ নেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দেয়াল নির্মাণের জন্য মাটি কাটার কাজ শুরু করেন তিনি। বিকেল সোয়া চারটার দিকে হঠাৎ তাঁর ভবনের এক পাশের দেয়াল ও ছাদের একাংশ ভেঙে পড়ে। এ সময় পাহাড়ের মাটিও ধসে পড়ে। এতে শামসুল আলম ও তিন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর চারজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক আকেই প্রু চৌধুরী প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার আগেই তিন ব্যক্তি মারা যান। মো. ফারুক নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী দেবাশীষ মজুমদার ও মনোরঞ্জন মজুমদার প্রথম আলোকে বলেন, বিকেলে তাঁরা বাড়ির ভেতরে গল্প করছিলেন। হঠাৎ তাঁরা বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাড়ির মালিক শামসুল আলম ও তিন শ্রমিক চাপা পড়েছেন।
পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু শাহেদসহ সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, পাহাড়ধস থেকে বাড়ি রক্ষা করার জন্য শামসুল আলম নতুন দেয়াল নির্মাণের জন্য কাজ করছিলেন। মাটি কাটতে গিয়ে দেয়ালের গোড়া নরম হয়ে যায়। এতে দেয়াল, ছাদ ও মাটিধসের ঘটনা ঘটে।