রাঙামাটিতে দেয়াল ধসে নিহত ৩
রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় দেয়াল ধসে বাড়ির মালিকসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার বিকেলে নতুন দেয়াল নির্মাণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে কলেজ গেট এলাকায় আসবাব ব্যবসায়ী মো. শামসুল আলম তিনজন নির্মাণশ্রমিক নিয়ে তাঁর একতলা ভবনের রক্ষা দেয়াল নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন। সারা দিন কাজ শেষে বিকেল সোয়া চারটায় হঠাৎ ভবনের দেয়াল ভেঙে যায়। দেয়াল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে পাহাড় ও একতলা ভবনে ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে তিনিসহ তিন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও সেনাবাহিনী সদস্যরা তাঁদের উদ্ধার করার চেষ্টার করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর চারজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজন হলেন বাড়ির মালিক মো. শামসুল আলম (৪৫), মো. হানিফ (৩২) ও মো. কালু মালাকার (৩৫)। আহত হয়েছেন শ্রমিক মো. ফারুক হোসেন। ফারুককে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ (সার্বিক), পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসানসহ সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সরেজমিনে দেখা যায়, ঢালু জায়গায় পাহাড় কেটে বাড়িটি নির্মাণ করা হয়েছে। ছাদ ও দেয়ালভাঙা টুকরো দেখা যায় মাত্র এক থেকে দেড় ফুট ঢালাই দেওয়া হয়েছে। বাড়ির পাশে পাহাড় ও ছাদের একাংশ ভেঙে গেছে।
ফায়ার সার্ভিসের রাঙামাটি সার্কেলের উপপরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, শামসুল আলম পাহাড় ধস থেকে বাড়িটি রক্ষা করার জন্য নতুন দেয়াল নির্মাণের জন্য কাজ করছিলেন। মাটি কাটতে গিয়ে দেয়ালের গোড়া নরম হয়ে যায়। এ সময় দেয়াল, ছাদ ও মাটি ধসে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আকেই প্রু চৌধুরী প্রথম আলোকে বলেন, দেয়াল ধসের ঘটনায় চারজনের মধ্যে তিনজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। মো. ফারুক নামের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।