রাঙামাটিতে নারী নির্যাতন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় নারী নির্যাতন বাড়ছে। কিন্তু নির্যাতন মামলার আসামিদের শাস্তি হচ্ছে না। ‘নারীর প্রতি সহিংসতা: ন্যায়বিচারে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় গতকাল শনিবার আইনজীবীরা এ তথ্য দেন।
রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে কর্মশালাটি হয়। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘পুগবেল’ এর আয়োজন করে। কর্মশালায় আইনজীবী সুস্মিতা চাকমা একটি ধারণাপত্র উপস্থাপন করেন।
ধারণাপত্রে বলা হয়, জেলা ও দায়রা জজ আদালতে ২০০৮ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩২২টি মামলা হয়েছে। এর মধ্যে মাত্র ২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। কিন্তু নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে একটি মামলার রায়ে আসামির সাজা হয়েছে। তবে এ পরিসংখ্যানও নারী নির্যাতনের প্রকৃত চিত্র নয়। কারণ, নানা কারণে অনেক নির্যাতিত নারী থানা বা আদালত পর্যন্ত পৌঁছাতে পারেন না।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মো. সামস উদ্দিন খালেদ। তিনি বলেন, আইন আদালতের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা যাবে না। কেন নারী নির্যাতন বাড়ছে, তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদ উল্লাহ বলেন, জেলার বিভিন্ন থানায় ২০১৪ সালে ৫৪টি এবং চলতি বছর এ পর্যন্ত ৬৪টি নারী নির্যাতন মামলা হয়েছে। নারী নির্যাতন বেড়ে যাওয়ার কারণ সমাজে খুঁজতে হবে। তবে, অনেকে এ আইনের অপব্যবহার করে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, দেশের আইন ও সংবিধানে যুগোপযোগী ধারা রয়েছে। তিনি বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের নির্যাতিত নারীদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
কর্মশালায় পুগবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি কৌঁসুলি পরিতোষ কুমার দত্ত ও মো. রফিকুল ইসলাম।
পরে অধিবেশনে উপস্থিত তিন পার্বত্য জেলার সরকারি-বেসরকারি আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, মানবাধিকার ও নারী অধিকার কর্মী এবং গণমাধ্যম কর্মীরা দলগত আলোচনার মাধ্যমে কর্মশালায় নানা সুপারিশ তুলে ধরেন।