রাঙামাটিতে নারীর পেশাগত উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
ভবিষ্যৎ পথ সুগম করতে নারীদের স্বাবলম্বী হতে হবে। এ জন্য স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই। তাই বিভিন্ন পেশায় নারীদের এগিয়ে আসতে হবে। গত বৃহস্পতিবার রাঙামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভের উদ্যোগে নারীদের কমিউনিটি ও ফটো সাংবাদিকতা, সেলাই প্রশিক্ষণ এবং রূপচর্চাবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বনরূপার নারী বিবর্তন প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মসূচি শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সভাপতি বিপ্লব চাকমা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। তিনি দলমত, গোষ্ঠী, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের জন্য কাজ করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী টুকু তালুকদার, ইউএনডিপির প্রতিনিধি টিমোটি খিয়াং ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে। বক্তব্য দেন প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, আইনজীবী ককসি চাকমা, সাংবাদিক হরিকিশোর চাকমা প্রমুখ।
প্রশিক্ষণে কমিউনিটি সাংবাদিকতা ও সেলাই বিভাগে ২০ জন ও রূপচর্চা বিভাগে নয়জন নারী অংশ নিচ্ছেন। এর মধ্যে কমিউনিটি সাংবাদিকতা প্রশিক্ষণ চলে তিন দিন এবং সেলাই ও রূপচর্চাবিষয়ক প্রশিক্ষণ চলবে তিন মাস।